News
‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদ্যাপন উপলক্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুলসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদ্যাপন উপলক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে নজরুলসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে নিজেদের সংগীতপ্রতিভা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মতিন রহমান (চেয়ারম্যান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ) ও সদস্যসচিব তামান্না জেরিন (উপদেষ্টা, স্টুডেন্টস ওয়েলফেয়ার)। এ ছাড়া উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী, গবেষক ও সংগঠক সুজিত মোস্তফা। তিনি প্রতিযোগীদের সংগীত পরিবেশনা মূল্যায়ন করেন। সুর, তাল, উচ্চারণ ও পরিবেশনার সামগ্রিক মান বিবেচনায় চূড়ান্ত পর্বের জন্য যোগ্য প্রতিযোগীদের নির্বাচন করা হয়।
নজরুলসংগীতের চর্চা ও প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

